পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী বাজারের হিন্দু ফল ব্যবসায়ী নির্মল দাসকে (৫০) মারধর ও তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিএনপি নেতা মো: সুজন সিকদারের বিরুদ্ধে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুবিদখালী এলাকায় এ ঘটনা ঘটে।
সুজন সিকদার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
এ ঘটনায় নির্মল দাস বিএনপি নেতা সুজন সিকদারসহ তিনজনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নির্মল অভিযোগে বলেন, ‘সুজন সিকদার দীর্ঘদিন যাবৎ চাঁদা দাবি করেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমি বাসা থেকে সুবিদখালী আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে বিএনপি নেতা সুজন সিকদারসহ তার সহযোগীরা আমাকে দেখতে পেয়ে পুনঃরায় আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাকে মারপিট করেন।’
স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।
অভিযুক্ত সুজন বলেন, ‘নির্মল দাসের ছেলে মাদকের সাথে জড়িত। তাই এলাকার পরিবেশ ঠিক রাখতে নির্মল দাসকে আগে সতর্ক করা হয়েছিল; কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। ঘটনারদিন নির্মল দাসকে দেখতে পেয়ে জিজ্ঞাসা শেষে কথাকাটির এক পর্যায়ে তাকে টানাহেঁচড়া করা হয়েছে, তার কাছে কোনো চাঁদা চাওয়া হয়নি। এ অভিযোগ মিথ্যা।’
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুস ছালাম জানান, সুবিদখালী বাজারের হিন্দু ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ হয়েছে। অভিযোগটি আমলে নেয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
















