ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে মাদুরোকে এমডিসিতে নেওয়ার বিষয়টি জানিয়েছে বিবিসি।
লাতিন আমেরিকার দেশটির রাজধানী কারাকাস থেকে তুলে আনার পর তাঁকে প্রায় ২ হাজার ১০০ মাইল পাড়ি দিয়ে এই আটক কেন্দ্রে নেওয়া হয়।
আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্রের মামলায় আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগে মাদুরোকে এই কেন্দ্রে রাখা হবে বলে জানা গেছে।
গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। সঙ্গে আনা হয় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও। তবে ফ্লোরেস এখন কোথায় আছেন, সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।














